স্ত্রীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে অভিমান করে শ্বশুরবাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বাদল সিকদার (৪৫) নামে এক ব্যক্তি।
শুক্রবার (১৯ জুন) সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরাঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত বাদল সিকদার উপজেলার কলসকাঠি ইউনিয়নের ঢাপরকাঠি গ্রামের মৃত আতাহার সিকদারের ছেলে। তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বিরাঙ্গল গ্রামের মৃত সামার সিকদারের জামাতা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বাদল সিকদারের সঙ্গে তার স্ত্রী মাহমুদা বেগমের (৩৬) পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে মাহমুদা বেগম মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। গত বুধবার (১৭ জুন) বাদল সিকদার স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান এবং সেখানেই দুই দিন ধরে ছিলেন। শুক্রবার সকালে বাদল সিকদার তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরার জন্য চেষ্টা করেন। তবে স্ত্রী যেতে রাজি না হওয়ায় বাদল সিকদার তার শ্বশুরবাড়ির এলাকার একটি স্থানীয় বাজার থেকে কীটনাশক কিনে এনে শ্বশুরবাড়িতে বসে পান করেন।
শ্বশুরবাড়ির লোকজন বিষপানের বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে বাকেরগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.