প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১৭:০০ (রবিবার)
শাহজালাল মাজারে দান বাক্সের নিরাপত্তায় সিসি ক্যামেরা

ছবি: সিলেট ভিউ।

সিলেটের ঐতিহ্যবাহী শাহজালাল (রহ.) মাজারের দান কার্যক্রমে স্বচ্ছতা ও নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মাজারে স্থাপিত দান বাক্সগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর আগে মাজারের ডেগ ও দানবাক্স পাহারার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। 

 

শনিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নির্দেশনায় শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দান বাক্সের উপরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।

 

জানা গেছে, মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দান বাক্সের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এই উদ্যোগের ফলে মাজারে আগত দর্শনার্থী ও ভক্তদের দান কার্যক্রমে আস্থা, দান বাক্সে অর্থ জমা ও সংশ্লিষ্ট কার্যক্রম আরও সুশৃঙ্খল ও পর্যবেক্ষণের আওতায় আসবে এবং মাজার কেন্দ্রীক স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে এবং ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

 

এর আগে সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স স্থাপনের উদ্যোগের পর শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে তিনি শাহপরান (রহ.) মাজার পরিদর্শনে যান। এসময় তিনি শাহপরান (রহ.) মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি মাজার এলাকায় মদ ও গাঁজার আসর বন্ধে কঠোর অবস্থানের কথা জানান। 

 

উল্লেখ্য, শুক্রবার (১২ জুন) বেলা দেড়টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শণে যান সিলেটে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। জেলা প্রশাসনের উদ্যোগে সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে দানবাক্সে তালা দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের ৩টি ডেগে সিলগালা করা হয়।

এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বড় একটি প্রধান দানবাক্সসহ ছোট-ছোট আরও কয়েকটি দানবাক্স মাজারের বিভিন্ন স্থানে বসানো হয়েছে। পাশাপাশি এই দানবাক্সের নিরাপত্তার জন্য আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। এই সময় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দান সংগ্রহের প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ভক্তদের সব ধরনের অনুদান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা দানবাক্সে জমা হবে; হাতে হাতে অর্থ গ্রহণের সুযোগ থাকবে না।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া