ছবি: সংগৃহিত
একের পর এক ত্যাগী নেতাদের পুরস্কৃত করছে সরকারি দল বিএনপি। এবার সেই তালিকায় যুক্ত হলেন ব্যারিস্টার মো. আব্দুস সালাম। তাকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনপা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের পরবর্তী তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুস সালাম বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। কয়েক বছর ধরে তিনি সিলেট-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নের লক্ষ্যে কাজ করছিলেন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন ব্যারিস্টার সালাম মনোনয়ন চাইলেও দল তার পরিবর্তে এই আসনের জন্য মনোনীত করে এম এ মালিককে।
এতে দমে না গিয়ে ব্যারিস্টার সালাম তার অনুসারীদের নিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করেন এবং নির্বাচনে দলও সাফল্য অর্জন করে।
তার ত্যাগের মূল্যায়ণ হিসাবেই তাকে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়ে বিএনপি সরকার পুরস্কৃত করেছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এর আগে বিএনপি দলীয় আনুগত্যের পুরস্কার হিসাবে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমকে সিলেট জেলা পরিষদের প্রশাসক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়ে পুরস্কৃত করেছে। এ তালিকায় আরও বেশ কয়েকজন বিএনপি নেতার নাম আছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.