প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ০০:০০ (রবিবার)
বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল আরব আমিরাত

আরব আমিরাত এখন আর আগের মতো শুধু বিলাসবহুল ভ্রমণের গন্তব্য নয়। গ্রীষ্মকালকে কেন্দ্র করে পর্যটকদের জন্য এটি হয়ে উঠছে তুলনামূলকভাবে সাশ্রয়ী একটি শহর। নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।


শনিবার (২০ জুন) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এর প্রতিবেদনে জানানো হয়, এই গ্রীষ্মে পর্যটকদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো বিভিন্ন খাতে ব্যাপক ছাড়। হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং পর্যটন কেন্দ্রগুলোতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে, যা ভ্রমণ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিচ্ছে।
 

গ্রীষ্মকালে আমিরাতের হোটেলগুলো সাধারণত পর্যটকদের জন্য ভাড়া কমিয়ে দেয়। কিছু হোটেলে রুম ভাড়া ১৩৯ দিরহাম থেকে শুরু হচ্ছে। ফলে দুই রাতের থাকার খরচ ৩০০ দিরহামের নিচেও নেমে আসতে পারে। এটি শীতকালের তুলনায় অনেক কম।
 

আরব আমিরাতে ভ্রমণে ডেজার্ট সাফারি অন্যতম জনপ্রিয় অভিজ্ঞতা। সাধারণত এর খরচ ১৫০ দিরহাম বা তার বেশি হলেও গ্রীষ্মকালে অনেক অপারেটর ৫০ দিরহাম থেকে প্যাকেজ দিচ্ছে।

সমুদ্র থেকে বুর্জ আল আরব বা আটলান্টিস দেখার জন্য জেট স্কি রাইড পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। গ্রীষ্মে এই খাতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
 

এছাড়াও, গ্রীষ্মকালে থিম পার্ক, মিউজিয়াম, অ্যাকুয়ারিয়াম, ইনডোর এন্টারটেইনমেন্ট সেন্টারসহ অনেক স্থানে অনলাইন ছাড় ও কম্বো টিকিট পাওয়া যায়। বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণকারীদের জন্য কিডস অফার ও ফ্যামিলি প্যাকেজ খুঁজে দেখা লাভজনক।
 

ভ্রমণ এজেন্টরা বলছেন, ৪৮ ঘণ্টায় ভিসা প্রক্রিয়ার সুবিধা, হোটেল ভাড়ায় ছাড় এবং বিভিন্ন আকর্ষণে ডিসকাউন্টের কারণে দুবাই এখন শুধু শীতকালীন নয়, বরং গ্রীষ্মকালেও জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১২