২০২৬ বিশ্বকাপে তিউনিশিয়ার স্বপ্নভঙ্গ হলো বড় ব্যবধানে হারের মধ্য দিয়ে। গ্রুপ ‘এফ’-এর ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফ্রিকার দলটি।
মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। চতুর্থ মিনিটেই দাইচি কামাদার গোলে এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা। এরপর ৩১তম মিনিটে আয়াসে উয়েদা ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে জাপান। ৬৯তম মিনিটে জুনিয়া ইতো তৃতীয় গোল করে তিউনিশিয়ার প্রত্যাবর্তনের সব আশা শেষ করে দেন। ম্যাচের ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জাপানের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন উয়েদা।
দুই ম্যাচে টানা বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তিউনিশিয়াকে।
টুর্নামেন্টে এর আগে সুইডেনের কাছেও বড় ব্যবধানে হেরেছিল তারা। অন্যদিকে চার পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ ওঠার পথে বড় পদক্ষেপ রাখল জাপান।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.