ছবি: সংগৃহিত।
সিলেটের জকিগঞ্জে ভারতের নাগরিক সন্দেহে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় ব্যক্তিরা। সোমবার (২২ জুন) সকালে জকিগঞ্জের বাবুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম আমিন মিয়া (২৫)। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা ছিলেন। জায়গাজমি বিক্রি করে তিনি ভারতে চলে গিয়েছিলেন। সম্প্রতি তিনি আবার দেশে ফিরে এসেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আমিন মিয়া ভারতীয় আধার কার্ডের তথ্য ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির উদ্দেশ্যে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জকিগঞ্জের বাবুর বাজার এলাকার একটি কম্পিউটার ও প্রিন্টিংয়ের দোকানে যান। বিষয়টি সন্দেহজনক মনে হলে ওই দোকানের মালিক মাহবুর সুলতান কৌশলে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তি প্রথমে নিজের নাম রাব্বি আহমদ বলে জানালেও পরবর্তী সময়ে খোঁজ নিয়ে তাঁর নাম আমিন মিয়া বলে জানা গেছে। এ ছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের কারণে তিনি বাংলাদেশে এসেছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, পুলিশ প্রাথমিকভাবে তদন্তে জানতে পেরেছে, আটক ব্যক্তি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। এ বিষয়ে ওই এলাকার জনপ্রতিনিধির সঙ্গেও কথা হয়েছে। ওই যুবক আগে দেশ থেকে জমিজমা বিক্রি করে ভারতের আগরতলায় চলে গিয়েছিলেন। এরপর সম্প্রতি আবার দেশে ফিরেছেন। এ বিষয়ে আরও যাচাই-বাছাই করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.