ফুচকা খাওয়ানোর কথা বলে শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে ফজলুল করিম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামে আপন শ্যালিকাকে ফুচকা খাওয়ার কথা বলে চান্দগাঁওয়ে আসতে বলেন ভগ্নিপতি ফজলুল করিম। সেখান থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ করেন।
পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোহাম্মদ আলী বাবুল বাদি হয়ে মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করা হয়।
ট্রাইব্যুনালের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. আকবর আলী কালবেলাকে বলেন, পুরো বিচারকার্যক্রমে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামি ফজলুল করিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ এবং ৯ (১) ধারায় আনা অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণ হওয়ায় অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
তিনি আরও বলেন, একই ঘটনায় অপর একটি ধারায় আসামিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.