প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ০০:০০ (বুধবার)
ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃ/ত্যু, ওসি প্রত্যাহার

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে ছাত্রলীগকর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যুর ঘটনায় ফরিদপুর ডিবি সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে অভিযানে অংশ নেওয়া সব পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ডিবি সদর জোনের ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাকে একই দিন দুপুর ১টার মধ্যে পুলিশ লাইন্সে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।


 
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, শুধু ওসিকেই নয়, ওই অভিযানে অংশ নেওয়া সব পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২০ জুন ফরিদপুরের মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা ও ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তকে একটি বিশেষ অভিযানে আটক করে ডিবি পুলিশ। পরেরদিন সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনের অভিযোগ আনা হলেও পুলিশ দাবি করেছে, অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক