প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১৬:৫২ (বুধবার)
আইটি ল্যাব সলিউশন্স লি-এর উদ্যোগে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দেশের সুপরিচিত তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের উদ্যোগে “Introduction to Industrial IT Sector: Skills, Standards & Expectations” শীর্ষক একটি সেমিনার ২১ জুন (রবিবার) সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পেশাদার আইসিটি সেক্টরে নিজেদের প্রস্তুত করতে প্রয়োজনীয় দক্ষতা, যোগ্যতা এবং বাস্তবভিত্তিক প্রস্তুতির ওপর তথ্য-উপাত্ত নির্ভর একটি সুস্পষ্ট ধারণা প্রদান করা হয়। পাশাপাশি বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বিভিন্ন আইটি সেক্টর, কর্মক্ষেত্রের ধরণ, প্রতিষ্ঠানভিত্তিক কাজের সুযোগ ও চাহিদা নিয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের ইন্টার্নশিপ প্রসেস, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম,এবং কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কেও বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

প্রেজেন্টেশন পর্ব শেষে একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের দিকনির্দেশনামূলক উত্তর পান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর জনাব ফুয়াদ আহমেদ। সেমিনারটি সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার ওয়াদিয়া ইকবাল চৌধুরী ও SWE innovators Forum MU এর সদস্যবৃন্দ।

সেমিনারটি পরিচালনা করেন আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও অ্যানালিস্ট দেবজ্যোতি চৌধুরী এবং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোঃ ইমরুল হাসান । সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র ওয়েব এপ্লিকেশন ডেভেলপার ও ট্রেনিং কো -অর্ডিনেটর মৃদুল কান্তি ভট্টাচার্য ও জুনিয়র ডেভেলপার অভিষেক চৌধুরী।

এছাড়াও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন।

পরিশেষে, সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড আয়োজিত এ সেমিনারের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬