ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
সিলেটের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বিদায়কালে সাদাপাথর লুটের ঘটনার প্রতিবেদন নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আলোচিত সাদাপাথর লুটপাটের ঘটনায় প্রতিবেদন জেলা প্রশাসন থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সাদাপাথর কাণ্ডের প্রতিবেদন কেন প্রকাশ করা হয়নি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাদাপাথর লুটপাটের ঘটনার কোনো প্রতিবেদন আমরা করিনি। মন্ত্রিপরিষদ বিভাগ ও কেবিনেটের সম্পৃক্ততায় এ বিষয়ে কাজ হয়েছে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন কিংবা কোনো প্রতিবেদন তৈরি করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘ওই ঘটনায় কেবিনেটের সম্পৃক্ততায় কার্যক্রম পরিচালিত হয়েছে এবং এ ধরনের কোনো রিপোর্ট আমাদের কাছেও দেওয়া হয়নি। সুতরাং এ বিষয়ে হতাশ হওয়ার কিছু নেই।’
এদিকে সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার প্রকল্পে ভূমি অধিগ্রহণের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মো. সারওয়ার আলম বলেন, ‘ভূমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’
তিনি বলেন, ‘সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেন প্রকল্পের ভূমি অধিগ্রহণ এমন একটি পর্যায়ে পৌঁছেছে। যেখানে আগামী জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণের পর অবশিষ্ট কাজগুলো সহজেই সম্পন্ন করতে পারবেন।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.