প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৮:৪০ (শুক্রবার)
সীমান্তে পুশইন রোধে সর্বোচ্চ সতর্কতা বিজিবির

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অনধিকার প্রবেশ বা ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে উপজেলার হুগলিয়া মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
 

এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ সরকার আব্দুল আল মামুন, বিজিবির কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা প্লাবন পাল, প্রধান শিক্ষক কামরুল হাছান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ সালাউদ্দিনসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম জানিয়েছেন, ৫৫ বিজিবি আওতায় শ্রীঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা জুড়ে টহল ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে এবং বিজিবি এখন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। পুশইনের কোনো ঘটনা নজরে এলে স্থানীয়দের নিজে কোনো পদক্ষেপ না নিয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করতে বলা হয়েছে।
 

সভায় স্পষ্টভাবে জানানো হয়, পুশইনের মাধ্যমে আসা কোনো ব্যক্তির দায়িত্ব বা আশ্রয় যেন স্থানীয় জনগণ নিজ উদ্যোগে না নেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বিজিবি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান সীমান্ত এলাকায় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে করে যেকোনো অবৈধ প্রবেশ ঠেকাতে বিজিবিকে দ্রুত তথ্য দিয়ে সহায়তা করা যায়। বর্তমানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিজিবির কড়া নজরদারি বজায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি পুরোপুরি প্রস্তুত রয়েছে বিজিবি।

 


সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-১৩