প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ০০:০০ (শুক্রবার)
সিলেটে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১ নম্বর আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আহবাবুর রহমান খান শিশুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

 

আহবাবুর রহমান শিশু স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

 

 

 


বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

 

 

 

প্রজ্ঞাপনে চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, বিনা অনুমতিতে দায়িত্ব স্থল ত্যাগ করে দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করায় চেয়ারম্যানের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি তিনি কানাডা থেকে দেশে ফিরলেও দায়িত্ব পালনে জটিলতা সৃষ্টি হওয়ায় বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে।

 

 

এর আগে, সিলেটের জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো এক প্রতিবেদনে চেয়ারম্যানের অননুমোদিত অনুপস্থিতি ও বিদেশে অবস্থানের বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্রও সংযুক্ত করা হয়।

 

 

জেলা প্রশাসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(জ) ধারার আলোকে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। আইনের এ ধারায় চেয়ারম্যান বা সদস্যকে সাময়িক বরখাস্ত কিংবা চূড়ান্তভাবে অপসারণের বিধান রয়েছে।

 

 


সূত্র জানায়, চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু গত ১৮ মার্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করেই দেশ ত্যাগ করেন। এরপর দীর্ঘ সময় বিদেশে অবস্থান করায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ ওঠে।

 

 


বর্তমানে প্যানেল চেয়ারম্যান-১ মো. মনিরুজ্জামান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের রুটিন দায়িত্ব পালন করছেন।

 

 


স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিয়ানীবাজার উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন এবং আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে।

 

 


বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে প্যানেল চেয়ারম্যান-১ মো. মনিরুজ্জামান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক