প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ১৫:৩৪ (শনিবার)
চলন্ত ট্রেন মিলল ১০ লাখ টাকার হেরোইন, স্বামী-স্ত্রী আ*ট*ক

চলন্ত ট্রেনে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে আটক করেছে পাকশী রেলওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।


বৃহস্পতিবার (২৫ জুন) পাবনার ঈশ্বরদীতে চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের আগে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার মোছা. সাজেমা বেগম (৪২) ও তার স্বামী মো. কাজল আহম্মেদ (৪৩)।
 

রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। ট্রেনের ‘জ’ বগির ৭৬ ও ৭৭ নম্বর আসনে বসা ওই দম্পতিকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় সাজেমা বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ গ্রাম এবং কাজল আহম্মেদের প্যান্টের পকেট থেকে আরও ৫০ গ্রামসহ মোট ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
 

উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৩