প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ১৬:০০ (শনিবার)
বাঁশবাগান থেকে যা উদ্ধার করলো র‌্যাব-৯

ছবি: ফাইল ছবি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি চায়না এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে অভিযান দিয়ে এই এয়ারগান উদ্ধার করে।

 

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে র‌্যাব-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তারা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকার একটি বাঁশবাগানে ব্যাপক তল্লাশি চালায়। একপর্যায়ে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় পাঁচটি চায়না এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এয়ারগানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে র‌্যাব-৯-এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত চায়না এয়ারগানগুলো জিডি মূলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

 

উল্লেখ্য, ২০২৪ সালের গত ০৫ আগস্টের পর থেকে অদ্যবধি র‌্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৪৮টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ০৬টি ম্যাগাজিন, ৩৫হাজার ৭৩০ গ্রাম বিস্ফোরক, ২২৪টি ডেটোনেটর, ০১টি সাউন্ড গ্রেনেড, ০৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৪৯টি এয়ারগান উদ্ধার করেছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং সিলেট বিভাগীয় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া