ছবি: সংগৃহিত
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চটি গ্রামের বাসিন্দা বিরেণ পাত্র (৩৫)। তিনি মৃত ইলেন্দ্র পাত্রের ছেলে। ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ফ্রান্সের সমর্থনে পতাকা টানাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে প্রায় ৬০ ফুট উঁচু একটি গাছে ফ্রান্সের পতাকা টানানোর কাজ শেষ করে নিচে নামার সময় অসাবধানতাবশত তার হাত ফসকে যায়। এতে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চিকনাগুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য অহিদুর রহমান ও গ্রাম পুলিশ শ্রী লবপাত্র।
নিহত বিরেণ পাত্র তিন কন্যা ও মাত্র ৬ মাস বয়সী এক ছেলের জনক। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বিকেলেই ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
ইউপি সদস্য অহিদুর রহমান বলেন, ফ্রান্স দলের সমর্থনে পতাকা টানাতে গিয়ে বিরেণ পাত্র দুর্ঘটনার শিকার হন। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
পরিবারের সদস্যরা জানান, বিরেণ পাত্রের অকাল মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। বিশেষ করে তিন কন্যা ও মাত্র ৬ মাস বয়সী শিশুপুত্রকে রেখে তার চলে যাওয়া পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.