১০ জনের ইরাকের বিপক্ষে দাপুটে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে সেনেগাল। এতে গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) ওঠার অপেক্ষায় আছে সেনেগাল।
এই জয়ের পর গ্রুপ ‘আই’-এ তৃতীয় স্থানে থেকে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় সেরা দলের টেবিলে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ‘লায়ন্স অব তেরাঙ্গা’। তবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করতে হলে অন্য গ্রুপের ফলও তাদের পক্ষে আসতে হবে।
সেনেগালের জয়ের ফলে তৃতীয় স্থানের দলগুলোর তালিকায় স্কটল্যান্ড নেমে গেছে নবম স্থানে। এ তালিকার শীর্ষ আট দল যাবে পরবর্তী রাউন্ডে।
শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাতে টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সেনেগাল। মাত্র ৪ মিনিটেই আসে প্রথম গোল। কর্নার থেকে আবদুলায়ে সেকের হেড প্রতিপক্ষের ডিফেন্ডার হাবিব দিয়ারার গায়ে লেগে দিক পরিবর্তন করে ইরাকের গোলরক্ষক আহমেদ বাসিলকে পরাস্ত করে।
এরপর ৯ মিনিটে ইরাক বড় ধাক্কা খায়। পেনাল্টি বক্সের কিনারায় সাদিও মানেকে টেনে ফেলে দেন ডিফেন্ডার রেবিন সুলাকা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় রেফারি অ্যান্থনি টেলর তাকে লাল কার্ড দেখান।
ফ্রি-কিক থেকে মানে গোলের চেষ্টা করলেও প্রথমার্ধে আর কোনো শট অন টার্গেটে রাখতে পারেনি সেনেগাল।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফ্রিকান দলটি। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার জিদান ইকবালের ভুলে বল পেয়ে যান লামিনে কামারা। তার পাসে সহজ ফিনিশিংয়ে গোল করেন ইসমাইলা সার।
এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে আসে তৃতীয় গোল। বদলি খেলোয়াড় পাপে গুইয়েবাঁ পায়ের দারুণ শটে বল জালে জড়ান। ৭১ মিনিটে আরও একটি শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন গুইয়ে। আর শেষদিকে বদলি নামা ইলিমান এনদিয়ায়ে গোল করে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন। এই জয় নকআউট পর্বে ওঠার দৌড়ে সেনেগালকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.