পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেশে এসেছিলেন কুয়েত প্রবাসী তরুণ মো. মুন্না মিয়া (১৯)। তিন দিন পরই কর্মস্থল কুয়েতে ফেরার কথা ছিল। কিন্তু বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়ে চলে গেলেন ‘না ফেরার দেশে’। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মুন্না মিয়া উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামের প্রবাসী রিয়াজ উদ্দিন মিলন মিয়ার ছোট ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ। জন্ম ও বেড়ে ওঠা কুয়েতেই। পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস করতেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে পরিবারের সদস্যদের নিয়ে ছুটিতে দেশে আসেন রিয়াজ উদ্দিন মিলন মিয়া। আগামী ২৯ জুন মুন্নার কুয়েতে ফিরে যাওয়ার ফ্লাইট নির্ধারিত ছিল। এ উপলক্ষে পরিবারের সদস্যরা তার বিদেশ যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভবানীপুর এলাকায় তাদের নির্মাণাধীন চারতলা বাড়ির নিচতলায় টাইলস বসানোর কাজ চলছিল। এ সময় রিয়াজ উদ্দিন মিলন মিয়া ও তার ছেলে মুন্না একটি কক্ষ পরিষ্কার করছিলেন। একপর্যায়ে টাইলস কাটার যন্ত্রে সংযুক্ত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে মুন্না বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে গিয়ে তার বাবা রিয়াজ উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন। তবে তার বাবা রিয়াজ উদ্দিন প্রাথমিক চিকিৎসা নিয়ে আশঙ্কামুক্ত রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
শুক্রবার সকালে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বারবার মূর্ছা যাচ্ছেন মা ও স্বজনরা। প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
আক্ষেপ নিয়ে মুন্নার দাদা আবদুল গণি বলেন, ‘নাতিটার জন্ম-কর্ম সবই কুয়েতে। কয়দিন পর আবার বিদেশে যাওয়ার কথা ছিল। খুব মায়ার নাতি আছিল আমার। সবাইরে কান্দাইয়া এভাবে চলে যাবে, কখনো ভাবিনি।’
এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরের স্বত্বাধিকারী আব্দুর রব শিমুল বলেন, ‘কিছুদিন আগে আমি মুন্নার কুয়েত ফেরার টিকিট কেটে দিয়েছিলাম। আগামী ২৯ জুন তার ফ্লাইট ছিল। ছেলেটির ব্যবহার ছিল অত্যন্ত ভদ্র ও অমায়িক।’
জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মিয়া বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/পিটি
আইটি ল্যাব সলিউশন্স লি.