প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ২২:৩১ (রবিবার)
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে তিনদিনব্যাপী ‘এমইউমুন’ সম্মেলন সম্পন্ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (MUMUNA) আয়োজিত তিনদিনব্যাপী ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স (এমইউমুন) ২০২৬’ সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার গালা নাইটের মধ্য দিয়ে এই সম্মেলনের পর্দা নামে।

‘গ্লোবাল ক্রসরোডস: ইনোভেশন, কনফ্লিক্ট, অ্যান্ড দ্য ফিউচার অব ইন্টারন্যাশনাল অর্ডার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত বৃহস্পতিবার (২৫ জুন) এই সম্মেলন শুরু হয়। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রথম দিন: উদ্বোধনী অধিবেশন

বৃহস্পতিবার (২৫ জুন) মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী অধিবেশনের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জান্নাতুল ইসলাম, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন ড. মো. মাসুদ রানা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার মকসুদ আহমেদ, সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ইনোভেশনের পরিচালক ও এমইউমুনা’র উপদেষ্টা চৌধুরী মুজাদ্দিদ আহমেদ, সংগঠনের প্রাক্তন সহ-সভাপতি অর্কাতুল জান্নাত অর্পা এবং এমইউমুন ২০২৬-এর মহাসচিব মেহজেবিন আহমেদ।

উদ্বোধনী পর্ব শেষে প্রতিনিধিরা নিজ নিজ কমিটির কার্যক্রম ও ওরিয়েন্টেশন সেশনে অংশগ্রহণ করেন। মুমিনুল হক ফাহিমের সভাপতিত্বে উদ্বোধনী প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক পরিবেশনা, পারস্পরিক মতবিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের মাধ্যমে সম্মেলনের প্রথম দিনের কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলেন।

দ্বিতীয় দিন: কমিটি অধিবেশন ও নীতিনির্ধারণমূলক বিতর্ক

শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী বিভিন্ন কমিটির অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিরা সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু, বৈশ্বিক নিরাপত্তা, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কিত নানা বিষয়ে গবেষণাভিত্তিক আলোচনা ও কূটনৈতিক বিতর্কে অংশ নেন।

সম্মেলনের সাতটি কমিটি ছিল। এগুলোর প্রতিনিধিরা নিজ নিজ এজেন্ডা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করেন। প্রতিটি অধিবেশনেই তাদের বিশ্লেষণধর্মী উপস্থাপনা, নীতিগত অবস্থান এবং সমাধানভিত্তিক প্রস্তাব আলোচনাকে সমৃদ্ধ করে।

কমিটিগুলো ছিল এরকম:

United Nations Development Programme (UNDP): কাঠামোগত অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসরমান উন্নয়নশীল দেশসমূহে শ্রমজীবী জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কাঠামো শক্তিশালীকরণ।

UN Women: বৈশ্বিক প্রযুক্তিগত রূপান্তরের যুগে নারীদের জন্য সমান ডিজিটাল ও অর্থনৈতিক সুযোগ নিশ্চিতকরণ।

United Nations Peacebuilding Commission (UNPBC): সংঘাত-পরবর্তী রাষ্ট্রসমূহে পুনরায় সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়া প্রতিরোধে ট্রানজিশনাল জাস্টিস ব্যবস্থার কার্যকারিতা জোরদারকরণ।

United Nations Human Rights Council (UNHRC): স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যুদ্ধ প্রযুক্তির মানবাধিকারগত প্রভাব এবং জবাবদিহিমূলক কাঠামো।

International Press (IP): উন্মুক্ত এজেন্ডা।

Special Committee for Reformation and Action Plan (SCFRAP): কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত বিস্তার ও ক্ষমতার কেন্দ্রীভবন—বৈষম্য ও নজরদারি প্রতিরোধে রাষ্ট্রীয় নীতি পুনর্বিন্যাসের অপরিহার্যতা।

United Nations Security Council (UNSC): উন্মুক্ত এজেন্ডা।

তৃতীয় দিন: ক্লোজিং প্লেনারি, পুরস্কার বিতরণ ও গালা নাইট

শনিবার (২৭ জুন) চূড়ান্ত কমিটি অধিবেশনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে অনুষ্ঠিত হয় সমাপনী অধিবেশন, যেখানে বিভিন্ন কমিটির প্রতিনিধি গৃহীত প্রস্তাব, সুপারিশ এবং আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন। প্লেনারি সেশনে প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ এবং গঠনমূলক মতামত সম্মেলনের সামগ্রিক অর্জনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এম. ও. রহমান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মের মধ্যে কূটনৈতিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিকাশে মডেল ইউনাইটেড নেশনস কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ ইশরাত ইবনে ইসমাইল, প্রক্টর সৈয়দ নাকিব সাদী এবং সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ইনোভেশন-এর অতিরিক্ত পরিচালক মিসেস সালমা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন মেহনাজ রহমান ফাইজা (প্রাক্তন মহাপরিচালক, মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন) এবং এমইউমুন ২০২৬-এর মহাসচিব মেহজেবিন আহমেদ।

সমাপনী অধিবেশন পরিচালনা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি তাহমিদ পারভেজ সানি।

সম্মেলনের সফল আয়োজন ও পরিচালনায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সেক্রেটারিয়েট সদস্যদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন কমিটিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রতিনিধিদের ‘আউটস্ট্যান্ডিং ডেলিগেট’ ‘স্পেশাল মেনশন-১’ ও ‘স্পেশাল মেনশন-২’ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি কার্যনির্বাহী পরিষদের সদস্য, আয়োজক কমিটি এবং কনফারেন্স ম্যানেজারদের অবদানের স্বীকৃতি জানানো হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত গালা নাইট।

আয়োজকরা জানান, তিনদিনব্যাপী এই সম্মেলন অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে গভীরতর অনুধাবন, নীতি-ভিত্তিক আলোচনা এবং বহুপাক্ষিক কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। শিক্ষার্থীদের বিশ্লেষণী সক্ষমতা, যোগাযোগ দক্ষতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতামূলক মনোভাব বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন, দক্ষ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতৃত্বদানে সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে