প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ২৩:৩০ (রবিবার)
সিলেটে নম্বরবিহীন অটোরিকশার ধাক্কায় হাসপাতালে ২

ছবি: সিলেটভিউ

সিলেট- তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর এলাকায় একটি নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ইবনে সিনা হাসপাতালের সিনিয়র স্টাফ নজরুল ইসলামসহ দুই পথচারী আহত হয়েছেন।

 

শনিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উমনপুর অগ্রণী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন উমনপুর গ্রামের নজরুল ইসলাম (৩৫) ও সেলিম আহমেদ (৩৪)।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নজরুল ইসলাম ও সেলিম আহমেদ রাস্তার পাশ দিয়ে হেঁটে সিলেট গ্যাস ফিল্ড গেটের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে সিলেটগামী একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়।

 

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় সিএনজিচালক মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে লেন ছেড়ে পথচারীদের পেছন থেকে সজোরে ধাক্কা দেন।

 

দুর্ঘটনায় আহত নজরুল ইসলাম অবস্থা গুরুতর। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

 

সিএনজিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তার পরিচয় বা সিএনজির নম্বর জানা যায়নি।

 

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

 

তিনি জানান, দুর্ঘটনার কারণ ও পলাতক সিএনজিচালককে শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে