প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১৬:১৯ (সোমবার)
ভাইভা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আ ট ক

মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে রাজশাহী কলেজে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে কিছু সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


রবিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি সজিব আলী (২৪)। তিনি রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার শতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মুজাম্মেল হক। সজিব কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।
 

সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। নির্ধারিত ভাইভা পরীক্ষায় অংশ নিতে তিনি কলেজে আসেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে তাকে ঘিরে ফেলেন তারা। একপর্যায়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
 

ঘটনার পর কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানা গেছে।
 

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি বলেন, সজিব আলীকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০২