প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১৬:৩২ (মঙ্গলবার)
এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

অভিনেত্রী নাজনীন নীহাকে ঘিরে আবারও সরগরম শোবিজ অঙ্গন। তবে এবার গুঞ্জনের সূত্রপাত করেছেন তিনি নিজেই। ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার বাগদানের খবর। যদিও অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটি বাগদানের ঘোষণা নয়।


সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘এনগেজড’ লিখেন নাজনীন নীহা। এরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধরে নেন, গোপনে বাগদান সেরে ফেলেছেন এই অভিনেত্রী।

স্ট্যাটাস প্রকাশের পর শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে যায় তার মন্তব্যের ঘর। কেউ হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চান, কেউ আবার মিষ্টি খাওয়ার আবদারও করেন। তবে শুরুতে এসব মন্তব্যের কোনো জবাব দেননি নীহা। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলে সব গুঞ্জনের অবসান ঘটান তিনি।
 

নাজনীন নীহা বলেন, ‘আমি কিন্তু কোথাও বাগদানের কথা উল্লেখ করিনি। শুধু লিখেছি, এনগেজড। তার মানে আমি এখন আর সিঙ্গেল না। কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। বাকিটুকু সময় হলে জানতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। ফেসবুক স্ট্যাটাসে এনগেজড দেওয়ার অর্থ আমি এখন আর সিঙ্গেল নই। এই তথ্যটা যেমন কাউকে খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই জানিয়েছি। তেমনি উপযুক্ত সময় এলে সেই ব্যক্তির পরিচয়ও সবাইকে জানাব।’

এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই পোস্ট ঘিরেও তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পরে অবশ্য অভিনেত্রী জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ, বাস্তব জীবনের কোনো ঘটনা নয়।
 

সবশেষে সম্পর্কে থাকার বিষয়টি স্বীকার করলেও, নিজের সঙ্গীর পরিচয় আপাতত গোপনই রাখছেন নাজনীন নীহা। তার ভাষ্য, ‘সময় হলেই সবকিছু জানাব।’

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৩