প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১৬:৪৩ (মঙ্গলবার)
ডুয়েট সিএসই কার্নিভালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘নেক্সট জেন’র সাফল্য

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল (ডুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজিত “ডুয়েট সিএসই কার্নিভাল ২০২৬”-এ অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘নেক্সট জেন’ দল। সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে লড়ে জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করেছে তারা। এই প্রতিযোগিতায় ‘নেক্সট জেন’ দল নিজেদের উদ্ভাবনী দক্ষতা, সৃজনশীল চিন্তাভাবনা এবং প্রযুক্তিগত সক্ষমতার স্বাক্ষর রাখে।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়।

জনসংযোগ শাখা জানায়, ‘নেক্সট জেন’ দলের সদস্য জুবায়ের রহমান চৌধুরী, সানদিদ হক চৌধুরী এবং আমানুর রহমান আমান মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬৫তম ব্যাচের শিক্ষার্থী। প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত অবস্থায় জাতীয় পর্যায়ের এমন প্রতিযোগিতামূলক মঞ্চে ৫ম স্থান অর্জন তাদের প্রস্তুতি, মেধা, সম্ভাবনা এবং উদ্ভাবনী মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় জীবনের একেবারে প্রারম্ভিক পর্যায়েই তাদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো তাদের সমস্যা সমাধানের দক্ষতা, আধুনিক প্রযুক্তির বাস্তব প্রয়োগ এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।

এই কার্নিভালে অংশগ্রহণের মাধ্যমে তারা বাস্তবমুখী সমস্যা সমাধান, দলগত সমন্বয়, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করে। এ ধরনের অভিজ্ঞতা তাদের প্রাতিষ্ঠানিক জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের সুযোগ করে দেয়।

এ অর্জন সম্পর্কে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী বলেন, “বর্তমান বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণার কোনো বিকল্প নেই। ডুয়েট সিএসই কার্নিভাল ২০২৬-এর মতো প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা প্রকাশের একটি অসাধারণ সুযোগ তৈরি করে। ‘নেক্সট জেন’ দলের প্রচেষ্টা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রমাণ করে, আমাদের তরুণরা সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

এই সাফল্যকে অভিনন্দিত করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী।

এদিকে, মেট্রোপলিটন ইউনিভার্সিটি জিওগ্ৰাফি এন্ড অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির (মুগাস) সভাপতি আহমেদ ইসতিয়াকুর রহমান, সাধারণ সম্পাদক প্রীতম পাল এবং কোষাধ্যক্ষ ইসরার নাজাহ চৌধুরীও ‘নেক্সট জেন’ দলের এই অসাধারণ অর্জনের ভূয়সী প্রশংসা করেন।

মুগাসের সভাপতি আহমেদ ইসতিয়াকুর রহমান বলেন, “ডুয়েট সিএসই কার্নিভাল ২০২৬-এ ‘নেক্সট জেন’ দলের অংশগ্রহণ ও সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এ ধরনের প্রযুক্তিনির্ভর আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণার মনোভাব এবং বাস্তব সমস্যার সমাধানে দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেয়। বিশেষ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬৫তম ব্যাচের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। আমরা আশা করি, তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও সমুন্নত রাখবে।”

মুগাসের কোষাধ্যক্ষ ইসরার নাজাহ চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বিকাশে ডুয়েট সিএসই কার্নিভালের মতো আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘নেক্সট জেন’ দলের সদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা এবং দলগত সমন্বয় প্রশংসার দাবিদার। একই সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬৫তম ব্যাচের সকল অংশগ্রহণকারীকে আন্তরিক অভিনন্দন জানাই। ভবিষ্যতেও এমন সৃজনশীল উদ্যোগে আমরা সবসময় পাশে থাকব।”

ভবিষ্যতে ‘নেক্সট জেন’ দল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে