ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
সিলেটের অপরাধ জগতের আস্তানা বন্দর বাজারের এলাকার কাষ্টঘর। আর সেই আস্তানায় হানা দেয় কোতোয়ালী থানা পুলিশ। সেখানে সাড়াশি অভিযান পরিচালনা করে উদ্ধার হয় বিভিন্ন ব্রাণ্ডের বিভিন্ন ধরনের ২৩টি মোবাইল ফোন।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালী থানাপুলিশ এই সাড়াশি অভিযান পরিচালনা করে।
জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত কোতোয়ালী থানা পুলিশ কাষ্টঘর সুইপার কলোনিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি, মাদক বিক্রির নগদ টাকা, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মোট ৩০ জনকে আটক করা হয়। ওই অভিযানের সময় বিভিন্ন ব্রাণ্ডের বিভিন্ন ধরনের ২৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে ২৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। অপর তিনজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্র জানায়, অভিযানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো কোতোয়ালী থানায় সংরক্ষিত রয়েছে। উদ্ধার হওয়া ২৩টি মোবাইল ফোনের মধ্যে কয়েকটির অবস্থা ভালো নয়। কিছু মোবাইল ভাঙাচোরা ও নষ্ট অবস্থায় রয়েছে। এগুলো বিভিন্ন সময়ে হারানো বা চুরি হওয়া মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) এবং অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই করা হবে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উদ্ধারকৃত ২৩টি মোবাইল ফোন জিডি মূলে কোতোয়ালী থানাতে সংরক্ষিত রয়েছে। কেউ এই মোবাইলগুলো প্রাপ্তির জন্য আবেদন করলে তাদের আবেদন যাচাই-বাছাই করে সেগুলো ফেরত দেওয়া হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.