ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীর টিলাগড়ে অভিযান দিয়ে ভারতীয় অবৈধ জিরা ও একটি কাভার্ডভ্যানসহ একজনকে আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। রবিবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শাহপরান (রহ.) থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি মো. মুন্না (৪০)। তিনি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার কাদিরমোড় এলাকার মৃত মনির হোসেনের ছেলে। বর্তমানে তিনি সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল এলাকার বসবাস করছেন।
পুলিশ জানায়, রবিবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শাহপরান (রহ.) থানাধীন সিলেট-তামাবিল রোডে টিলাগড় ফুট ওভার ব্রিজের নিচে রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এসময় সিলেটগামী একটি একটি সিলভার রঙয়ের কাভার্ড ভ্যান (রেজিঃ নম্বর- ঢাকা মেট্রোঃ শ-১১-০৮২৯) সিগন্যাল দিয়ে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে কাভার্ড ভ্যান হতে ১৪০ বস্তায় ৪ হাজার ২শ’ কেজি ভারতীয় অবৈধ জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। এসময় একজনকে আটক করে শাহপরান (রহ.) থানা পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে শাহপরান (রহঃ) থানার মামলা নং-৩১, তারিখ-২৯/০৬/২০২৬ খ্রি., ধারা- 25B(1) (b)/25D The Special Powers Act, 1974; রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.