প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১৭:০০ (বুধবার)
কুশিয়ারায় যন্ত্রদানব, আতঙ্কে পাড়ের মানুষ

ছবি: সিলেট ভিউ।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে আবারও একটি ড্রেজার নোঙর করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। নদী থেকে বালু উত্তোলন বা পরিবহনের জন্য পশ্চিম মল্লিকপুর এলাকায় ড্রেজার থেকে পাইপলাইন স্থাপন করা হয়েছে। তবে সড়কের ওপর দিয়ে পাইপ নেওয়ায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে বলে অভিযোগ উঠেছে।

 

সরেজমিনে দেখা যায়, প্রায় এক সপ্তাহ আগে ফেঞ্চুগঞ্জের পশ্চিম মল্লিকপুর এলাকায় একটি ড্রেজার আনলোডার এসে কুশিয়ারা নদীতে নোঙর করে। পরে সেখান থেকে বালু পরিবহনের জন্য পাইপলাইন বসানোর কাজ শুরু হয়। পাইপের একটি অংশ সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে এবং আরেকটি অংশ পশ্চিম মল্লিকপুরের চান্দপুর-মীরগঞ্জ সড়কের ওপর দিয়ে নেওয়া হয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর দিয়ে পাইপ বসানোর কারণে সাধারণ যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাইপের ওপর মাটি ও বালু দিয়ে বাঁধের মতো উঁচু করে রাখা হয়েছে। এতে সিএনজি অটোরিকশা, অ্যাম্বুলেন্সসহ ছোট যানবাহন চলাচলের সময় নিচে আটকে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

 

ছুটন (ছদ্মনাম) নামের একজন সিএনজি চালিত অটোরিকশা চালক বলেন, ‘এখানে পাইপের ওপর দিয়ে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। এক পাশে নদী, অন্য পাশে জমি। সামান্য অসাবধান হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

 

ড্রেজারের পাইপ বসানোর কাজ করছেন আনোয়ার নামের এক ব্যক্তি। তার সঙ্গে কথা হলে তিনি ড্রেজারের মালিক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন। বালু কোথা থেকে আনা হবে বা এখানে উত্তোলন করা হবে কী-না এমন প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন, ‘বালু ফাঁকে আসবে।’

 

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহারের সঙ্গে গত দুই দিন ধরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। পাশাপাশি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে বালু উত্তোলন বা ডাম্পিংয়ের কোনো অনুমতি দেওয়া হয়েছে কি-না জানতে চাওয়া হলেও তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ ফরিদ/ এহিয়া