বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর উদ্ভূত উত্তেজনাকে কেন্দ্র করে পৌর শহরের চৌমাথা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ীতে একই স্থানে উভয় দলের ঘোষিত কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৯ জুন) রাতে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজাসহ আরও কয়েকজন। আহতদের প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় পলাশবাড়ী চৌমাথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় উপজেলা বিএনপি। একই সময়ে একই এলাকায় পৃথক কর্মসূচির ঘোষণা দেয় উপজেলা জামায়াতও। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
এদিকে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও আহত করার অভিযোগ তুলেছে।
বিএনপির দাবি, তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে একাধিক নেতাকে গুরুতর আহত করা হয়েছে।
অন্যদিকে জামায়াত-শিবিরের নেতারা অভিযোগ করেন, সংঘর্ষের পর গভীর রাতে তাদের কয়েকজন নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। পাশাপাশি কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের দাবিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংঘর্ষের পর থেকে পলাশবাড়ী উপজেলা জুড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, ‘জামায়াত-বিএনপির সংঘর্ষের পর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চৌমাথা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৬
আইটি ল্যাব সলিউশন্স লি.