প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ২০:০৬ (বুধবার)
আন্তর্জাতিক এআই ও সাইবার নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন মছনুল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা প্রযুক্তির বৈশ্বিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন গ্লোবাল ট্রেড করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেট শাখার চেয়ারম্যান মো. মছনুল করিম চৌধুরী।

আগামী ২ ও ৩ জুলাই জাপানের ওসাকায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি উদ্যোক্তা, বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকেরা অংশ নেবেন।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহার, সাইবার নিরাপত্তা, ডেটা প্রাইভেসি, ডিজিটাল অবকাঠামো, স্মার্ট শিল্প, ক্লাউড প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি মছনুল করিম চৌধুরী আন্তর্জাতিক প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সম্ভাব্য প্রযুক্তিগত সহযোগিতা ও ব্যবসায়িক অংশীদারত্বের বিষয়ে আলোচনা করবেন।

বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার নেতৃবৃন্দ জানান, এ সফরের মূল লক্ষ্য হলো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় শিল্পখাতের অংশীদারত্ব গড়ে তোলা, উন্নত প্রযুক্তি বিনিময় এবং আন্তর্জাতিক বাজারে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা। একই সঙ্গে বাংলাদেশের প্রযুক্তি খাতকে বৈশ্বিক উদ্ভাবনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

তাঁরা আরও জানান, সফরের ধারাবাহিকতায় গ্লোবাল ট্রেড করপোরেশন বাংলাদেশে এআইভিত্তিক সাইবার নিরাপত্তা সমাধানের কার্যক্রম আরও বৃহত্তর পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বর্তমানে বিশ্ব অর্থনীতি, শিল্প ও বাণিজ্যের অন্যতম প্রধান চালিকাশক্তি। এ ধরনের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধির অংশগ্রহণ দেশের প্রযুক্তি খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করবে। এর মাধ্যমে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসার ঘটার পাশাপাশি দেশের ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর শিল্পের টেকসই বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২