প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬ ১৯:২৫ (বৃহস্পতিবার)
সিলেটে যৌথ বাহিনীর অভিযানে পাওয়া গেল যা

ছবি: ফাইল ছবি।

সিলেটের গোলাপগঞ্জ থেকে ভারতীয় অবৈধ ৬০ বস্তা জিরা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ৫২-ব্যাটালিয়ন।

 

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক পৌণে ১টার দিকে যৌথ বাহিনীর অভিযানে এই জিরা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানায় র‌্যাব ও বিজিবি।

 

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিএসসি সিলেট এবং বিজিবি ৫২-ব্যাটালিয়ন সিলেটের একটি যৌথ আভিযানিক দল অদ্য মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক পৌণে ১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানকৃত ভারতীয় অবৈধ ৬০ বস্তা জিরা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভারতীয় জিরার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা। উদ্ধারকৃত ভারতীয় জিরার সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত সমূহ ৫২ বিজিবি, সিলেটের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া