পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় লিয়া বেগম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন সহপাঠীরা।
বুধবার (১ জুলাই) সকালে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান-শশীভূষণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত লিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সফিকুল ইসলামের মেয়ে। তিনি চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে লিয়া বেগম মাদ্রাসায় পরীক্ষা দিতে যাওয়ার পথে জলিল মাঝির বাড়ির সামনে পৌঁছালে একটি বেপরোয়া টমটম (মোটরচালিত যান) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর টমটমটি ফেলে রেখে চালক পালিয়ে যায়।
ঘটনার পর নিহত শিক্ষার্থীর সহপাঠীরা তার মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং বিচারের দাবি জানান।
স্থানীয় বাসিন্দা আহসান হাবীব টিটু জানান, শিক্ষার্থীরা ‘আমার বোন ফিরিয়ে দাও’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
এ বিষয়ে ওসি ফিরোজ আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে টমটমচালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। তবে টমটমটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.