নারীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছে আশরাফ উদ্দিন নামে এক যুবদল নেতা। এ ঘটনায় তাকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় নোয়াখালীর জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত শনিবার রাত ১০টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে একটি ঘর থেকে স্থানীয়রা তাকে নারীসহ আটক করে।
বহিষ্কৃত আশরাফ উদ্দিন হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের যুবদলের সভাপতি ছিলেন। সে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইসমাইল মাঝির ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় আশরাফ উদ্দিনকে নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতির পদ ও প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। একই সঙ্গে তার দলের কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে আশরাফ উদ্দিন নোয়াখালী সদরে এক নারীকে নিয়ে জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকার একটি ঘরে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ওই ঘরে তাদের আটক করে। এ সময় উপস্থিত কয়েকজন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে রাত ১১টার দিকে স্থানীয়ভাবে তাদের ছেড়ে দেওয়া হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই সংশ্লিষ্টরা ঘটনাস্থল ত্যাগ করেন। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং স্থানীয়রাও এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৫
আইটি ল্যাব সলিউশন্স লি.