বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকে থাকা এক শিশু ও তার চাচির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের ঝিনাইরগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিশু আয়েশা ও তার চাচি রিমি আক্তার।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবচর উপজেলার মাদবরকান্দি গ্রাম থেকে একই উপজেলার কাদিরপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইজিবাইকে করে যাচ্ছিলেন ৯ বছর বয়সী আয়েশা ও তার পরিবারের সদস্যরা। পথে ঝিনাইরগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই শিশু আয়েশা ও তার চাচি রিমি আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন আরও চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.