প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬ ২২:২৩ (শনিবার)
ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

বিশ্বকাপে রাউন্ড অব ৩২- এর লড়াই শেষের দিকে। ঠিক এমন পরিস্থিতিতে জোরেশোরেই চলছে সম্ভাব্য শিরোপা দাবিদারদের নিয়ে আলোচনা। যার কেন্দ্রবিন্দুতে বরাবরের মতোই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।


কিন্তু এর মধ্যেই আর্জেন্টিনার সমর্থকদের জন্যই প্রকাশ্যে এলো মহাদুঃসংবাদ। শেষ বত্রিশ থেকেই নাকি বিদায়ঘণ্টা বেজে যাবে বিশ্ব ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মেসি-মার্টিনেজদের নকআউট ম্যাচ নিয়ে এমন বিস্ফোরক ভবিষ্যদ্বাণীই সামনে এসেছে।


বিশ্বকাপ এলেই বিভিন্ন বিশ্লেষক ও পরিসংখ্যানবিদদের ভবিষ্যদ্বাণী আলোচনার জন্ম দেয়। ২০২৬ বিশ্বকাপেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে এবার ব্যতিক্রমধর্মী ভবিষ্যৎদ্বাণী করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঘানার এক তান্ত্রিক। ইংল্যান্ড ও ঘানা ম্যাচে আলোচনায় আসেন নানা কিয়াঙ্কু বোন্সাম নামের এই তান্ত্রিক। দলকে জেতাতে ম্যাচ চলাকালে গ্যালারিতে তাকে সাদা পাউডার ছিটাতে দেখা যায়।


সেই তান্ত্রিক আবারও সামনে এলেন। তার দাবি, শেষ ৩২ এ আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে। বিশ্বকাপে তার কথা ফলে যাওয়ার বেশ ভালোই উদাহরণ রয়েছে। মেসিদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে? নীল-সাদা ভক্তকুলের মধ্যেও তা নিয়ে রীতিমতো আতঙ্ক শুরু হয়ে গেছে।


নানা কিয়াঙ্কু বোন্সাম আলোচনায় আসেন গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ঘানার ম্যাচ দিয়ে। দলকে জেতাতে ম্যাচ চলাকালে গ্যালারিতে তাকে সাদা পাউডার ছিটাতে দেখা যায়। সেই ম্যাচের আগেই ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’-এর কাছে এক অদ্ভুত দাবি করেছিলেন ঘানার তান্ত্রিক বোন্সাম। তিনি বলেছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেনের ওপর তিনি এমন এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার কারণে কেন এই ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবেন না। কাকতালীয় হলেও সত্যি, কেন সেদিন গোল করতে পারেননি। এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট নিতে পারেনি ইংল্যান্ড। ম্যাচটি ড্র হয়।


এরপর আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ নিয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তবে এজন্য বোন্সাম কোনো কালো জাদু করবেন কি না তা জানাননি। আগামীকাল ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় নবাগত দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতোমধ্যে কেপ ভার্দে তাদের রক্ষণভাগ ও গোলকিপিং দিয়ে চমক দেখিয়েছে। স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে, মাঝে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২ এ উঠে চমক দেখিয়েছে কেপ ভার্দে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক