দীর্ঘদিন ধরে কাউন্সিল না হওয়ায় হতাশা ও ক্ষোভে ফুঁসছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌর বিএনপির নেতাকর্মীরা। প্রায় দুই বছর আগে আহবায়ক কমিটির মেয়াদ শেষ হলেও এখনো অনুষ্ঠিত হয়নি বহুল প্রত্যাশিত কাউন্সিল। এ অবস্থায় দ্রুত কাউন্সিল আয়োজনের দাবিতে বর্ধিত সভা করেছেন দলটির নেতাকর্মীরা।
বুধবার (২ জুলাই) রাতে পৌর শহরের একটি কনভেনশন হলে পৌর বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক খন্দকার মুহিবুর রহমান মলাইয়ের সভাপতিত্বে এবং সদস্য জুবের খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক ওলিউর রহমান চৌধুরী শিপলু, কায়সার আরিফ, হারুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আলী আজন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শামছুল ইসলাম সমছু, সাবেক কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, আহবায়ক কমিটির সদস্য শামিম আহমেদ, সুমাইয়া আক্তার সুমাসহ অন্যান্য নেতারা। সভায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান আহবায়ক কমিটির মেয়াদ প্রায় দুই বছর আগে শেষ হলেও এখনো কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
তারা স্পষ্টভাবে জানান, কাউন্সিল ছাড়া কোনো মনোনীত কমিটি মেনে নেওয়া হবে না। দ্রুত কাউন্সিল আয়োজনের জন্য তারা শতভাগ প্রস্তুত বলেও দাবি করেন।
এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, জেলার যেসব উপজেলা ও পৌর কমিটি গঠিত হয়েছে, সেগুলো কাউন্সিলের মাধ্যমেই হয়েছে। কুলাউড়া পৌর বিএনপির আহবায়ক কমিটি লিখিতভাবে আবেদন করলে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.