প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬ ১৯:২৯ (রবিবার)
মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ব্যক্তিগত জীবনের নতুন সুখবর জানালেন। কিছুদিন আগে বিচ্ছেদের খবর আলোচনায় এলেও এবার তিনি ঘোষণা দিয়েছেন, মা হতে চলেছেন। একই সঙ্গে প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন নিজের দ্বিতীয় বিয়ের খবরও।

শুক্রবার (৪ জুলাই) রাজধানীতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্ত-অনুরাগীদের এই সুখবর দেন অভিনেত্রী। এ সময় তিনি প্রথমবারের মতো সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তার স্বামী আবদুল ওয়াদুদকে।

মা হওয়ার খবর জানিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এ জন্য স্বামীসহ এসেছি মা হওয়ার খবর দিতে।’

এতদিন বিষয়টি গোপন রাখার কারণও ব্যাখ্যা করেন তিনি। মৌসুমীর ভাষ্য, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে। এই জন্য আমি এত দিন কাউকে কিছু বলিনি। আমার কাছে মনে হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে সঠিকভাবেই মা হওয়ার খবরটা জানবে সবাই।’

তিনি আরও বলেন, ‘আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি। নতুন একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। এ জন্য সবার কাছে দোয়া চাই।’

অনুষ্ঠানেই জানা যায়, এটি মৌসুমী হামিদের দ্বিতীয় বিয়ে। তবে কবে এবং কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, তাদের বিয়ে বেশ আগেই হয়েছে। এখন নতুন অতিথিকে ঘিরেই সময় কাটাতে চান তারা।

স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।’

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪