সিলেটের কানাইঘাট উপজেলায় আহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি. নং: সিলেট-৯২)-এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) কানাইঘাট বাজার পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব আহমদ।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং ক্রীড়া সম্পাদক হাফিজ ইয়াহিয়া।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন সমাজসেবা সম্পাদক গোলাম কিবরিয়া।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নিয়ে নিহত আহাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা শাখার সভাপতি ও শ্রমিক ট্রেড ইউনিয়নের উপদেষ্টা আমানুর রহমান চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সভাপতি ও ট্রেড ইউনিয়নের উপদেষ্টা হাফিজ ফয়েজ আহমদ, ট্রেড ইউনিয়নের প্রচার সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইউসুফ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী এবং ট্রেড ইউনিয়নের উপদেষ্টা আব্দুল গফুর, কানাইঘাট বাজার সিএনজি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, দোকান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সিপুল আমিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং ট্রেড ইউনিয়নের উপদেষ্টা সেলিম উদ্দিন এবং সাবেক ছাত্রনেতা আম্বিয়া।
বক্তারা আহাদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে শ্রমিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় বক্তারা কানাইঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও জোর দাবি জানান।
সিলেটভিউ২৫ডটকম/মাহবুবুর/এসডি-২০
আইটি ল্যাব সলিউশন্স লি.