আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১২ হাজার ২৯২ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।
অবৈধভাবে বসবাস ও সীমান্ত অতিক্রমের বিরুদ্ধে দেশজুড়ে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বহিষ্কারের আগে আরও ১৬ হাজার ৯১২ জনকে ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া আরও ৪ হাজার ১৭৪ জনকে দেশে ফেরার ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে।
দেশটিতে বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন বাস্তবায়নের বিভিন্ন ধাপে রয়েছেন মোট ২৭ হাজার ৪৪৫ জন। তাদের মধ্যে ২৫ হাজার ৪১২ জন পুরুষ এবং ২ হাজার ৩৩ জন নারী।
২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত যৌথ নিরাপত্তা অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জনকে আটক করা হয়। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৭৫৯ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৪ হাজার ৪৮৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৪৪ জনকে আটক করা হয়েছে।
এ সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৬২৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার, ৪৬ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় ৫৮ জনকে আটক করা হয়েছে।
এছাড়া অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় দেওয়া, চাকরি দেওয়া কিংবা অন্য যেকোনো ধরনের সহায়তার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারীদের প্রবেশে সহায়তা করা, পরিবহন, আশ্রয় বা অন্য কোনো ধরনের সহযোগিতা করা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ করা হতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৭
আইটি ল্যাব সলিউশন্স লি.