প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬ ২৩:১৬ (সোমবার)
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

হোটেল শ্রমিক আব্দুর রহিমের ছেলে রাকিব হোসেনের বয়স ২৫ বছর। রাকিব গাছ কাটার কাজ করেন। বাবা-ছেলের উপার্জনেই চলে সংসার। সম্প্রতি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হন রাকিব।

 

 


কিন্তু চিকিৎসার খরচ জোগানোর সামর্থ্য ছিল না হোটেলে কাজ করা এই বাবার। উপায়ান্তর না দেখে আব্দুর রহিম আশ্রয় নেন ফেসবুকের। ছেলের অসুস্থতার কথা জানিয়ে একটি পোস্ট করেন তিনি।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের এই পরিবারের পোস্টটি নজরে এলে রাকিব হোসেনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয় আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন।

 

 


রবিবার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রাকিবের পরিবারের হাতে চিকিৎসা বাবদ এ সহায়তা তুলে দেওয়া হয়। তবে সহায়তার অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি।

 

 

আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের চেয়ারম্যানের নির্দেশনায় প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর মো. আমীর হোসেন মিয়াঁ রাকিবের বাবা আব্দুর রহিমের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।

 

 


রাকিবের বাবা আব্দুর রহিম বলেন, ‘আমার ছেলে গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

 

 


তার শরীরের একাংশ পুড়ে গেছে। গ্রামে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে এসেছি। পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব ছিল না। তাই আমি ফেসবুকে একটি পোস্ট করি। পরে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়।

 

 


আজ তারা আমার ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আল্লাহ তাদের ভালো করুন। ’

 

 


ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো. আমীর হোসেন মিয়াঁ বলেন, ‘আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যারের নির্দেশনায় অসুস্থ রাকিব হোসেনের চিকিৎসা ও ওষুধপত্রের জন্য তার বাবার হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। চেয়ারম্যান স্যার ফেসবুকে রাকিবের অসুস্থতার ছবি ও সংবাদ দেখে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা করার নির্দেশ দেন। এ ধরনের মানবিক কাজে অংশ নিতে পেরে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন নিজেদের সার্থক মনে করে। ’

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক