প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬ ০০:০০ (মঙ্গলবার)
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামবাসীর তুমুল সং ঘ র্ষ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার চালকের মধ্যে বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 


সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী গ্রাম এবং বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের সময় মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো হতে বলা হয়। 


স্থানীয়রা জানায়, সড়কে পড়ে থাকা গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের চালকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়।


এক পর্যায়ে বিষয়টি দুই গ্রামের মানুষের মধ্যে বিরোধে রূপ নেয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বিবেচনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক