নানা নাটকিয়তার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল মু. রেজা হাসান। যোগদান করার জন্য সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ একটি ফোনে সবকিছু তছনছ হয়ে যায়। রাজনৈতিক অদৃশ্য শক্তির কারণেই এমনটি হয়েছে বলেই একটি সূত্র জানায়। এদিকে সিলেটের জেলা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারির ৯ দিন পরও কর্মস্থলে যোগ দেননি মু. রেজা হাসান।
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা বলেন, সিলেটে কে হবেন নতুন জেলা প্রশাসক এটা জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারবে। আমাদের এ বিষয়ে কিছু জানা নেই।
এর আগে ২১ জুন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়। তবে জেলা প্রশাসককে প্রত্যাহারের কারণ কিংবা নতুন জেলা প্রশাসক হিসেবে কে দায়িত্ব নেবেন, তখন জারি হওয়া প্রজ্ঞাপনে উল্লেখ ছিল না।
পরে ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে কর্মরত মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়। ওই প্রজ্ঞাপন জারির পর রেজা হাসান কুমিল্লার ডিসির দায়িত্ব ছাড়লেও সিলেটে আর যোগ দেননি।
প্রশাসনিক সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে রেজা হাসানকে দায়িত্ব দেয়ার পর পরই আপত্তি তুলেন সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী। মূলত মন্ত্রীর আপত্তির কারণেই শেষ মুহূর্তে যোগদান আটকে যায়।
সিলেটভিউ২৪ডটকম/পিটি
আইটি ল্যাব সলিউশন্স লি.