প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬ ১৬:০২ (বুধবার)
প্যারিসে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে পবিত্র আশুরা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালার মহান আত্মত্যাগ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৮টায় প্যারিসের একটি  হলরুমে অনুষ্ঠিত এ মাহফিলে ফ্রান্সে বসবাসরত  প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগরের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ আবুল হাসনাতের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মো. খালেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন সংগঠনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা জুনেদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা ক্বারী মির্জা শফিকুল ইসলাম বলেন, "আল্লাহর দয়া ও তাওফিক ছাড়া হকের ওপর অবিচল থাকা সম্ভব নয়।" তিনি বলেন, কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ ইসলামের ইতিহাসে সত্য, ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠার এক অনন্য অধ্যায়। অন্যায় ও জুলুমের কাছে মাথা নত না করে দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগের যে উজ্জ্বল দৃষ্টান্ত তাঁরা স্থাপন করেছেন, তা যুগে যুগে মুসলিম উম্মাহকে আল্লাহর পথে দৃঢ় থাকার প্রেরণা জুগিয়ে আসছে।

প্রধান বক্তার বক্তব্যে আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাসুক আহমদ বলেন, আশুরার প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে আলোচনা সভা, সেমিনার ও ধর্মীয় মাহফিলের আয়োজন আরও বিস্তৃত করা জরুরি।

তিনি বলেন, কারবালার ইতিহাস হক ও বাতিলের চিরন্তন সংঘাতের প্রতীক। তাই নতুন প্রজন্মের কাছে এই ইতিহাসের সঠিক শিক্ষা তুলে ধরা সময়ের অন্যতম দাবি।

এছাড়া বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ ফ্রান্সের সাধারণ সম্পাদক কাজী আব্দুল মুহিত, কেন্দ্রীয় পরিষদের সদস্য মুস্তাফা আহমদ, প্যারিস মহানগরের সহ-সভাপতি রাশেদ আহমদ টিটু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা জুনেদ আহমদ, সদস্য আব্দুল কাদির, সদস্য রুবেল আহমদ এবং সদস্য জালাল আহমদ।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে বিভেদ, অন্যায় ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে কারবালার আদর্শ আরও বেশি তাৎপর্যপূর্ণ। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় হযরত ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষপর্বে শুহাদায়ে কারবালার রূহের মাগফিরাত কামনা, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি, বাংলাদেশের কল্যাণ এবং ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/নজমুল/এসডি-০২