প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬ ১৯:৫৯ (বৃহস্পতিবার)
সিলেট-ঢাকা মহাসড়কে ২০ কিমি যানজট, ভো*গা*ন্তি চরমে

সিলেট-ঢাকা মহাসড়কের সরাইল বিশ্বরোড গোলচত্বরে সৃষ্ট বিশালাকার গর্ত ও পৃথক সড়ক দুর্ঘটনার জেরে তীব্র যানজটের কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া।


গত মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অচলাবস্থা বুধবার দুপুর পর্যন্ত গড়ালে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পণ্যবাহী গাড়ি বিকল হওয়া এবং একের পর এক দুর্ঘটনার কারণে হাজার হাজার যাত্রী ও চালক চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
 

পুলিশ জানায়, সরাইল বিশ্বরোড গোলচত্বর এলাকায় মহাসড়কের ওপর বেশকিছু বড় ও গভীর খানাখন্দের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় একটি লরি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর মহাসড়কে যানজট শুরু হয়। রাতভর বৃষ্টিতে সড়কের গর্তে পানি জমে পরিস্থিতির আরও অবনতি ঘটে।

বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর সেতু ও ইসলামাবাদ এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে পড়লে যানজট আরও দীর্ঘ হয়। দুর্ঘটনাকবলিত ও বিকল যানবাহনগুলো দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় ধীরে ধীরে যানজট দীর্ঘ হতে শুরু করে।
 

জানা যায়, বিশ্বরোড গোলচত্বরে সড়কের গর্তে যানবাহন আটকে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সরাইল, শাহবাজপুর, কুট্টাপাড়া, শান্তিনগর হয়ে বিজয়নগরের বুধন্তী পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে।

সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বিশ্বরোড এলাকার গর্তে পণ্যবাহী যানবাহন আটকে যাওয়া এবং দুর্ঘটনাকবলিত লরি অপসারণের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে সড়কের বেহাল দশা এবং যানবাহনের অতিরিক্ত চাপের কারণে জট ছুটাতে বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে নিরলসভাবে পুলিশ কাজ করছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২০