ছবি: সংগৃহিত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রায়হান মিয়া (২৪) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত রায়হান মিয়া উপজেলার মীরনগর গ্রামের কাউসার মিয়ার ছেলে।
বুধবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, বুধবার দুপুরে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের একছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রায়হান মিয়া তাকে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
দণ্ডাদেশের পর রায়হান মিয়াকে পুলিশি হেফাজতে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.