সিলেট নগরীর কাজির বাজারে অবস্থিত মৎস্য আড়তের ভূমিতে গত সোমবার সিলেট সিটি কর্পোরেশনের পরিদর্শন সম্পর্কে বিবৃতি প্রদান করেছেন সিলেট সদর মৎস্য আড়ৎদার কল্যাণ সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি হাজী মোঃ ফজলুল হক ও সাধারণ সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর আলম।
সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত এক বিবৃতিতে তারা বলেন, নগররীর কাজির বাজারে অবস্থিত কাজির বাজার মৎস্য আড়তের ভূমি কোন সরকারী সম্পত্তি নয়। বরং. বর্তমানে যেটি কাজির বাজার মৎস্য আড়ৎ হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটি মৌলভী আহমদ উল্লাহ ও সৈয়দা ফাতেমা খাতুন ্ওয়াক্ফ এস্টেট (ইসি নং-১২১১১)-এর মালিকানাধীন সম্পত্তি।
অত্র ওয়াক্ফ সম্পত্তি উপর কোন বাজার প্রতিষ্ঠিত নয়, বরং অত্র বাজারে ব্যবসায়ীরা ওয়াক্ফ-এর মোতওয়াল্লীর কাছ থেকে দোকান কোঠা ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১৮/০৩/২০২৬ ইং তারিখে সিলেট সিটি কর্পোরেশন স্থানীয় একটি দৈনিক পত্রিকায় হাট বাজার ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেন, যার ৩নং ক্রমিকে ‘কাজির বাজার মৎস্য ও তরকারী বাজার’ শীর্ষক অংশে অত্র ওয়াক্ফ সম্মতির মালিকানাধীন দাগের ভূমি ইজারার জন্য দরপত্র আহবান করা হয়।
তাৎক্ষণিক ভাবে অত্র মৌলভী আহমদ উল্লাহ ও সৈযদা ফাতেমা খাতুন ওয়াক্ফ এস্টেটের মোতওয়াল্লী সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ প্রদানের মাধ্যমে ৩নং ক্রমিকের ইজারা কার্যক্রম স্থগিত রাখতে বলেন।
উক্ত লিগ্যাল নোটিশ দ্বারা সিলেট সিটি কর্পোরেশনকে অবগত করা হয় যে, ইজারা বিজ্ঞপ্তির ৩ নং ক্রমিকে উল্লেখিত কাজীর বাজার মৎস্য ও তরকারী বাজার নামীয় দোকান কোঠা ও চালারকম দোকানসমূহ সৈয়দা ফাতেমা খাতুন এবং আহমদ উল্লাহ ওয়াক্ফ এস্টেট (ই.সি নং- ১২১১১), সাং- কুয়ারপাড়, পোঃ- সিলেট-৩১০০, থানা- কোতয়ালী, জেলা- সিলেট-এর মালিকানাধীন সম্পত্তি।
বিজ্ঞত্তিতে ‘কাজির বাজার মৎস্য ও তরকারী বাজার’ হিসেবে যে ভূমি উল্লেখ করা হয়েছে, তা কোনরূপ বাজার নয়, বরং উক্ত ভূমিতে মৎস্য আড়ৎ হিসেবে দোকান কোঠা বিভিন্ন ব্যক্তির নিকট ভাড়া দিয়ে অত্র সৈয়দা ফাতেমা খাতুন এবং আহমদ আহমদ উল্লাহ ওয়াক্ফ এস্টেটের পক্ষে মোতাওয়াল্লী হিসেবে ভাড়া আদায় করে ভোগ দখলে আছেন।
ইজারা বিজ্ঞপ্তি বর্ণিত কথিত ‘কাজির বাজার মৎস্য ও তরকারী বাজার’-এর ভূমি ইতোপূর্বে ২০১২ সালে অধিগ্রহণের জন্য সরকার বাহাদুর উদ্যোগ গ্রহণ করলে এর বিরুদ্ধে অত্র সৈয়দা ফাতেমা খাতুন এবং আহমদ উল্লাহ ওয়াক্ফ এস্টেট (ই.সি নং- ১২১১১)-এর পক্ষে তৎকালীন মোতাওয়াল্লী আবু জাফর আফজল হোসেন বাদী হয়ে স্বত্ব মোকদ্দমা নং- ২৩৪/২০২১ ইং দায়ের করেন।
যার প্রেক্ষিতে বিজ্ঞ সহকারী জজ, বিয়ানীবাজার আদালত বিগত ৩১/০৮/২০২২ ইং তারিখে প্রদত্ত রায়ে উক্ত কথিত বাজারের ভূমি সৈয়দা ফাতেমা খাতুন এবং আহমদ উল্লাহ ওয়াক্ফ এস্টেট (ই.সি নং- ১২১১১)-এর সম্পত্তি মর্মে ঘোষণা প্রদানপূর্বক রায় প্রদান করেন।
বিজ্ঞ আদালতের উক্ত রায় অদ্যাবধি বহাল রয়েছে। উপরন্তু, উক্ত ইজারা বিজ্ঞপ্তির স্থগিত চেয়ে মৌলভী আহমদ উল্লাহ ও সৈয়দা ফাতেমা খাতুন ্ওয়াক্ফ এস্টেটের পক্ষ থেকে দায়েরী- ১৩০/২০২৬ মামলায় সিনিয়র সিভিল জজ, সদর, সিলেট আদালত গত ১৬/০৪/২০২৬ ইং তারিখে প্রদত্ত এক আদেশে অত্র ওয়াক্ফ সম্পত্তিতে মোতাওয়াল্লী বা ভোগ দখলদারদের শান্তিপূর্ণ ভোগ দখলে সিলেট সিটি কর্পোরেশন যাতে কোনরূপ বিঘœ সৃষ্টি করতে না পাারেন বা লীজ প্রদান করতে না পারেন, সেই মর্মে স্থিতাবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন।
বিজ্ঞ আদালতের বিগত ১৬/০৪/২০২৬ ইং তারিখের আদেশের অনুলিপি যথানিয়মে সিলেট সিটি কর্পোরেশনকে সরবরাহ করা হলে, সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বিগত গত ১৮/০৩/২০২৬ ইং তারিখে আহবানকৃত ইজারা বিজ্ঞপ্তির ৩নং ক্রমিক অংশ তথা ওয়াক্ফ মালিকানাধীন ভূমিতে অবস্থিত মৎস্য আড়তের ভূমির ইজারা প্রক্রিয়া স্থগিত করেন।
বিজ্ঞ আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সিলেট সদর মৎস্য আড়ৎদার কল্যাণ সমবায় সমিতি লিমিটেড-এর দখলে থাকা মৌলভী আহমদ উল্লাহ ও সৈয়দা ফাতেমা খাতুন ওয়াক্ফ এস্টেটের মালিকানাধীন ভূমি সংক্রান্তে ইজারা বিজ্ঞপ্তি স্থগিত রাখায় আমরা সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে, গত ৬ জুলাই আকষ্মিকভাবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় নগর কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীসহ আমাদের স্বত্ব দখলীয় ভূমিতে গিয়ে লাল ফ্ল্যাগ টানিয়ে এবং স্থানে স্থানে লাল রং দিয়ে কথিত সীমানা চিহ্নিত করার চেষ্টা করেন, যার ফলে সিলেট সদর মৎস্য আড়ৎদার কল্যাণ সমবায় সমিতি লিমিটেড-এর সদস্যবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয় এবং তাৎক্ষণিকভাবে তারা বিক্ষোভ করেন।
এক পর্যায়ে বিজ্ঞ আদালতের আদেশের কাগজাতসহ অন্যান্য প্রমাণাদি উপস্থাপন করলে সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয় ও নগর কর্মকর্তারা অত্র ওয়াক্ফ সম্পত্তি থেকে চলে যান।
কিন্তু, স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে এই মর্মে সংবাদ প্রকাশ করা হয় যে, কাজির বাজার মাছ বাজারের দখল নিতে গিয়ে পিছু হটলো সিলেট সিটি কর্পোরেশন, যার ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
আমরা সিলেট সদর মৎস্য আড়ৎদার কল্যাণ সমবায় সমিতি লিমিটেড-এর পক্ষ থেকে বিষয়টি সুষ্পষ্টরূপে প্রকাশ ও প্রচার করতে চাই, যে স্থানটিতে মাছ বাজার অবস্থিত বলা হচ্ছে, সেখানে কোন বাজার নেই, বরং মাছের আড়ৎ (দোকান) অবস্থিত্ এবং দোকানগুলোর মালিকানা বাংলাদেশ সরকার বা সিলেট সিটি কর্পোরেশনের নয়, বরং, এটি সৈয়দা ফাতেমা খাতুন ও মৌলভী আহমদ উল্লাহ ওয়াক্ফ এস্টেটের মালিকানাধীন সম্পত্তি ও স্বত্ব দখলীয় ভূমি।
এমতাবস্থায়, আমরা সকল মহলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ওয়াক্ফ-এর মালিকানাধীন সম্পত্তির শান্তিপূর্ণ ভোগ ব্যবহারে কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.