বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পাওয়ার দৌড়ে রয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ রেফারি মাইকেল অলিভার। তবে আর্জেন্টিনা ফাইনালে উঠলে সেই সুযোগ হাতছাড়া হতে পারে তার। কারণ, ফিফা দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ও ইংল্যান্ড-সংশ্লিষ্ট ম্যাচে দুই দেশের রেফারিদের দায়িত্ব না দেওয়ার নীতি অনুসরণ করে আসছে।
১৯৮২ সালের ফকল্যান্ডস যুদ্ধের পর থেকে নিরপেক্ষতা নিশ্চিত করতে এই নীতি মেনে চলছে ফিফা। ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে সংঘটিত ওই যুদ্ধে আর্জেন্টিনার ৬৪৯ জন সেনা নিহত হয়। চার দশক পেরিয়ে গেলেও বিষয়টি এখনও দুই দেশের জন্য সংবেদনশীল রাজনৈতিক ইস্যু।
এই কারণেই আর্জেন্টিনা ফাইনালে উঠলে মাইকেল অলিভারকে শিরোপা নির্ধারণী ম্যাচের দায়িত্ব দেওয়া হবে না। একইভাবে ইংল্যান্ডের ম্যাচেও আর্জেন্টাইন কোনো রেফারিকে দায়িত্ব দেওয়া হয় না।
এর আগেও একই কারণে সুযোগ হারিয়েছিলেন ইংল্যান্ডের আরেক রেফারি অ্যান্থনি টেলর। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে ওঠায় তিনিও ফাইনাল পরিচালনার সুযোগ পাননি।
চলতি বিশ্বকাপে অলিভার ইতোমধ্যে ছয়টি ম্যাচ পরিচালনা করেছেন। স্পেন ও বেলজিয়ামের কোয়ার্টার ফাইনাল পরিচালনার মাধ্যমে তার ম্যাচসংখ্যা সাতটিতে পৌঁছাবে, যা বিশ্বকাপে কোনো ইংলিশ রেফারির জন্য সর্বোচ্চ।
অন্যদিকে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর রেফারিং নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। হোসাম হাসান অভিযোগ করেন, তার দল ভালো খেললেও ম্যাচে ন্যায্য সিদ্ধান্ত পায়নি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে লাল কার্ড দেখানোর পরও পরের ম্যাচে খেলার অনুমতি দেওয়ার বিষয়েও প্রশ্ন উঠেছে।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.