প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬ ২০:৩৮ (বৃহস্পতিবার)
মাধবপুরে ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল জ*ব্দ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার রোধে পরিচালিত বিশেষ অভিযানে ৭৬ পিস নিষিদ্ধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
 

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে রাজনগর, জালুয়াবাদ, শাহপুর, ছাতিয়াইন বাজার ও বিভিন্ন প্লাবনভূমিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫৬ পিস চায়না দুয়ারী (রিং জাল) এবং ২০ পিস কারেন্ট জালসহ মোট ৭৬ পিস নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
 

বিকালে উপজেলা পরিষদের পুকুর পারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুর রহমান ও গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
 

উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুর রহমান জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধ এবং প্রজননক্ষম মাছ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১৮