প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ২৩:০০ (শুক্রবার)
পরিবার নিয়ে ফ্রান্সে যাওয়া হল না সিলেটের আলতাফের 

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স ও এআই।

দীর্ঘদিন ধরে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছিলেন আলতাফ হোসেন। সম্প্রতি স্ত্রী ও সন্তানকে ফ্রান্সে নিতে দেশে আসেন তিনি। এর আগে স্ত্রী ও সন্তানের ফ্রান্সে বসবাস এবং ফ্রান্সের ভিসার কার্যক্রম সম্পন্ন করেন তিনি। স্বপ্ন ছিল, স্ত্রী ও সন্তানকে নিয়ে আবার প্যারিসে ফিরে নতুনভাবে জীবন সাজাবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেই স্বপ্ন আর সত্যি হলনা। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ফ্রান্স প্রবাসী আলতাফ হোসেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

প্রবাসী আলতাফ হোসেন সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৪ নম্বর উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজার এলাকার বাসিন্দা লুৎফর রহমানের ছেলে। আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

 

আলতাফ হোসেনের মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীসহ তাঁর নিজ এলাকা শাহবাজপুর এবং বড়লেখা উপজেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।

 

জানা গেছে, পরিবারের সঙ্গে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নই ছিল তাঁর সবচেয়ে বড় প্রেরণা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন অপূর্ণ রেখেই না-ফেরার দেশে পাড়ি জমাতে হলো তাঁকে। আলতাফ হোসেন ছিলেন একজন পরিশ্রমী প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধা। দীর্ঘদিন বিদেশে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি পরিবারের সুখ-সমৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করেছেন। তাঁর অকাল মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্যই নয়, প্রবাসী সমাজ এবং নিজ এলাকার মানুষের জন্যও এক অপূরণীয় ক্ষতি।

 

তাঁর মৃত্যুতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁর স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭