ছবি: সিলেট ভিউ।
নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনে প্রতিবন্ধী বৃদ্ধা হত্যার ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও (র্যাব-১১)। বৃহস্পতিবার (০৯ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. দিন ইসলাম (২৬) ও মো. রিফাত (২০)। তারা নরসিংদী জেলার রায়পুরা থানার পাচাবোয়ালিয়া এলাকার মো. আব্বাছ মিয়ার সন্তান।
ঘটনার বিবরণ উল্লেখ করে র্যাব জানায়, নিহত ববি বেগম (৭০) একজন বাকপ্রতিবন্ধী নারী। তাঁর স্থায়ী ঠিকানা সম্পর্কে কেউ নিশ্চিতভাবে জানেন না। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের জেনারেটর রুমের পূর্ব পাশের একটি কক্ষে বসবাস করতেন। তিনি বিনা পারিশ্রমিকে স্টেশনের প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতামূলক কাজ করতেন। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা মানবিক সহায়তা হিসেবে তাঁকে খাবার ও অর্থ প্রদান করলে তিনি সেই অর্থের একটি বড় অংশ সঞ্চয় করে রাখতেন।
গত ০৪ জুলাইআনুমানিক রাত ২টা ১০ মিনিটে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি তাঁর কক্ষের দরজায় কড়া নাড়ে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা কক্ষে প্রবেশ করে ববি বেগমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তারা তাঁর বালিশের নিচে রাখা আনুমানিক ২০,০০০ টাকা লুট করে পালিয়ে যায়। ঘটনার পর আহত ববি বেগম ইশারা-ইঙ্গিতের মাধ্যমে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারকে পুরো ঘটনা জানান। পরে স্টেশন মাস্টার তাঁকে চিকিৎসার জন্য রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০৭ জুলাই) আনুমানিক রাত সোয়া ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
র্যাব আরও জানায়, প্রতিবন্ধী এক অসহায় বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা ও লুটপাটের এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামিদের আইনের আওতায় আনতে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (০৯ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভৈরব রেলওয়ে থানার মামলা নং-০১, তারিখ ০৭/০৭/২০২৬ খ্রিস্টাব্দ, পেনাল কোডের ৪৪৮/৩৮০/৩২৩/৫০৬ ধারাসহ পরবর্তীতে সংযোজিত ৩০২ ধারায় দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত মেথিকান্দা রেলওয়ে স্টেশনে সংঘটিত প্রতিবন্ধী বৃদ্ধা হত্যা মামলার দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.