প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ২১:০৭ (রবিবার)
সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বৃদ্ধা

সিলেটের বিশ্বনাথে নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ছায়ারুন বিবি (৬০) নামের এক বৃদ্ধা মা। এসময় মাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন মেয়ে ফাতিমা বেগম।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের কামারগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণকারী ছায়ারুন বিবি কামারগাঁও গ্রামের মৃত আজমান আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা-জানালা খুলতে যান ছায়ারুন বিবি। এ সময় জানালার মধ্য দিয়ে পাশের কক্ষে নেওয়া একটি বিদ্যুতের সংযোগ লাইনের লিকেজের কারণে জানালার লোহার গ্রিলে প্রবাহিত হচ্ছিল বিদ্যুৎ। আর তিনি বিষয়টি বুঝতে না পেরে জানালার গ্রিলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই আটকে যান। এসময় মাকে ওই অবস্থায় দেখে তাকে উদ্ধার করতে ছুটে যান মেয়ে ফাতিমা বেগম। এতে করে মায়ের সাথে সাথে মেয়ে ফাতেমা একই গ্রিলে স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়েন। ফাতিমার চিৎকার শুনে পাশের বাড়িতে থাকা এক স্বজন দ্রুত এসে বাড়ির মূল বিদ্যুৎ সংযোগের (মেইন সুইচ) সুইচ বন্ধ করে দেন। এতে মা ও মেয়ে দু’জনই লুটিয়ে পড়েন মাটিতে। এরপর পরিবারের সদস্যরা গুরুত্বর আহত ছায়ারুন বিবিকে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই পান্না লাল দে বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ছায়ারুন বিবির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৫