ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
১৮ দিন পর দ্বিতীয়বারের মতো হযরত শাহজালাল (রহ.) এর মাজারে দানের ডেগ ও বাক্স খুলে মিলেছে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। মিলেছে স্বর্ণলঙ্কার ও বৈদেশিক মূদ্রা। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে প্রায় ৭ ঘন্টা চলে টাকা গণনার কাজ। তবে দানের টাকা ও স্বর্ণালঙ্কার ছাপিয়ে উপস্থিত লোকজনের মধ্যে আগ্রহ বেশি ছিল বাক্সে পাওয়া চিঠিগুলোতে।
দানবাক্সে ফেলা চিঠিগুলোর কোনটি ছিল প্রধানমন্ত্রী বরাবর, আবার কোনটি বাণিজ্যমন্ত্রীর উদ্দেশ্যে। শাহজালাল (রহ.)-কে উছিলা করে মহান আল্লাহ’র কাছে লেখা চিঠিও মিলেছে দানবাক্সে। এসব চিঠিতে ছিল মাজারের স্বচ্ছতা নিশ্চিত, মোতাওয়াল্লী-খাদেমদের লুটপাট বন্ধের দাবি। আবার কোনটিতে ছিল স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য দূর হয়ে দাম্পত্য জীবনে সুখি হওয়ার আকুতি।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নগরের দরগাহ মহল্লার এক শুভাকাঙ্খির লেখা চিঠিতে ছিল সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমকে সিলেটে ফিরিয়ে দেওয়ার দাবি। আরেক ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে হযরত শাহজালাল (রহ.) এর পাশাপাশি হযরত শাহপরাণ ও হযরত বোরহান উদ্দিন (রহ.) এর মাজারের আয়-ব্যয়ের হিসাবে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান।
হযরত শাহজালালের মতো হযরত শাহপরাণ (রহ.) এর মাজারেও প্রশাসনের হস্তক্ষেপ ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে মিলেছে আরও কয়েকটি চিঠি।
দানবাক্সে পাওয়া চিরকুটগুলোর মধ্যে একটিতে শহীদ উসমান হাদী হত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নেরও দাবি জানান এক ব্যক্তি। চিঠির পাশাপাশি আরবি ও ইংরেজিতে লিখা কয়েকটি প্রশ্নপত্রও মিলে দানবাক্সে।
এক চিঠিতে ছিল এক বেকার যুবকের চাকরি না পাওয়ার আর্তনাদ। চিঠিতে তিনি হযরত শাহজালাল (রহ.) এর ওছিলায় একটি চাকরির ব্যবস্থার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান।
আমিনুল নামের এক ব্যক্তি তার স্ত্রী মুন্নির সাথে মনমালিন্য দূর করে দাম্পত্য জীবনে সুখি হওয়ার জন্যও চিঠি দিয়েছেন শাহজালালের দানবাক্সে।
এছাড়া সিলেটের কালাপাথর খেলার মাঠ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্যমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লেখা দানবাক্সে পাওয়া গেছে।
সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ
আইটি ল্যাব সলিউশন্স লি.