কানাডা ওন্টারিওর স্কারবোরো সাউথওয়েস্ট আসনের আসন্ন প্রাদেশিক উপনির্বাচনকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা চূড়ান্ত রূপ নিয়েছে। গতকাল ৯ জুলাই রাতে ক্ষমতাসীন প্রগ্রেসিভ কনজারভেটিভ (পিসি) পার্টির অভ্যন্তরীণ মনোনয়ন নির্বাচন নাটকীয়তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অন্যদিকে, লিবারেল পার্টিও তাদের শক্তিশালী প্রার্থী চূড়ান্ত করে মাঠের লড়াইয়ে নেমে পড়েছে।
গতকাল রাতে অনুষ্ঠিত পিসি পার্টির অভ্যন্তরীণ মনোনয়ন সভায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ডা. এএসএম তরুণ দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত বিজয় লাভ করেন। তবে এই নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়, কারণ মনোনয়ন ভোটের ঠিক আগমুহূর্তে পিসি পার্টির কেন্দ্রীয় স্ক্রিনিং কমিটি অন্যতম শীর্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুর্শেদ নিজামকে আকস্মিকভাবে ব্যালট থেকে বাদ দেয়।
এই নাটকীয় বাদ পড়ার পর মূল লড়াইটি সংকুচিত হয়ে আসে আয়েশা সর্দার, গাজী সিজান এবং ডা. এএসএম তরুণের মধ্যে, যেখানে শেষ পর্যন্ত ব্যালটের লড়াইয়ে ডা. তরুণ বিজয়ী হয়ে পিসি পার্টির টিকিট নিশ্চিত করেন।
এদিকে ওন্টারিও লিবারেল পার্টি এই আসনে তাদের প্রার্থী হিসেবে আহসানুল হাফিজের নাম আগেই চূড়ান্ত করেছে, যিনি মনোনয়ন প্রক্রিয়ায় ফেডারেল এমপি নাথানিয়েল এরসকিন-স্মিথ কে পরাজিত করে দলীয় প্রতীক লাভ করেন।
এনডিপির সাবেক এমপিপি ডলি বেগমের পদত্যাগের কারণে স্কারবোরো সাউথওয়েস্ট আসনটি শূন্য হওয়ায় এখানে ইতিমধ্যেই ফাতেমা শাবানকে প্রার্থী করেছে এনডিপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পিসি পার্টির ডা. এএসএম তরুণ, লিবারেল পার্টির আহসানুল হাফিজ এবং এনডিপির ফাতেমা শাবানের মধ্যে এবার এক অভূতপূর্ব ও ঐতিহাসিক ত্রিমুখী লড়াই দেখতে যাচ্ছে স্কারবোরো সাউথওয়েস্টের ভোটাররা। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের এই মুখোমুখি অবস্থান স্থানীয় কমিউনিটির মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে।
সিলেটভিউ২৪ডটকম/বুলবুল/এসডি-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.